সাবেক এমপি বাপ্পির অবস্থার ‘উন্নতি’, বিদেশে নেয়ার প্রস্তুতি

সাবেক এমপি বাপ্পির অবস্থার ‘উন্নতি’, বিদেশে নেয়ার প্রস্তুতি

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫৪

আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (H1N1) আক্রান্ত। বাপ্পিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার স্বামী শেখ রফিক। বুধবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা বলেন, ফজিলাতুন্নেসা বাপ্পির বর্তমান শারীরিক অবস্থা আগের চাইতে ভালো। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এ কে কামরুল হুদা জানান, তার শরীরে অক্সিজেনের মাত্রাও আগের চাইতে ভালো।

একইদিন ফজিলাতুন্নেসা বাপ্পির স্বামী শেখ রফিক গণমাধ্যমকে বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় তিনি দেশবাসীর কাছে ফজিলাতুন্নেসা বাপ্পির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে গত ২৮ ডিসেম্বর নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ৩০ ডিসেম্বর চিকিৎসকরা জানান, ফজিলাতুন্নেসা বাপ্পি এইচওয়ানএনওয়ান (H1N1) ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত। এটি বাইরের দেশে সোয়াইন ফ্লু ভাইরাস হিসেবে পরিচিত হলেও এশিয়া মহাদেশের দেশগুলোতে এটি এভিয়েন ফ্লু হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি দীর্ঘদিন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবেও কর্মরত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading