রাজউকের জমিতে অবৈধ মার্কেট, দখলদারদের মাসে আয় ৫৫ লাখ!
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫৪
রাজধানীর উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দদক) এনফোর্সমেন্ট ইউনিট। বুধবার (১ জানুয়ারি) উত্তরার ৭, ৯, ১১ ও ১৩ নম্বর সেক্টরে এ অভিযান চালানো হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা ও উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুদকের এনফোর্সমেন্ট টিম, রাজউক ও ডেসকো সমন্বিতভাবে দখল হওয়া জমি পরিদর্শন করে। এ সময় দেখা যায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২৯ নম্বর থেকে ৮১ নম্বরে অধিকাংশ প্লট অবৈধভাবে দখল করে সেখানে আসবাবপত্রের দোকান, খাবারের হোটেলসহ অন্যান্য দোকানপাট তৈরি করা হয়েছে। ৭, ৯ ও ১১ নম্বর সেক্টরের চিত্র একই রকম।
এ বিষয়ে দোকানদাররা বলেন, ‘তারা উত্তরা এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে প্লটগুলো ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।’ দুদক এনফোর্সমেন্ট টিম জানায়, সেখানে ৬০টির মতো দোকান গড়ে তোলা হয়েছে। প্রতিটি দোকানের ভাড়া ৫০ থেকে ৬০ হাজার টাকা। এ বিষয়ে রাজউকের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা এনফোর্সমেন্ট টিমকে সন্তোষজনক জবাব দিতে পারেননি।’
এসব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে আবাসিক বিদ্যুৎ সংযোগ দেওয়ারও প্রমাণ পেয়েছে দুদক টিম। দুদক টিম জানায়, রাজউকের জমি দখলে রাখা বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালীর নাম, পরিচয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। রাজউকের জমিতে গড়ে উঠা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ওই প্রভাবশালীদের মাসিক আয় ৫০ থেকে ৫৫ লাখ টাকা। এ বিষয়ে সুপারিশসহ কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে দুদক টিম।

