এনবিআরের নতুন চেয়ারম্যান মুনিম

এনবিআরের নতুন চেয়ারম্যান মুনিম

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২৫

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দুই বছরের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১ জানুয়ারি) রহমাতুল মুনিমকে দুই জন্য চুক্তিতে এনবিআর চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। আগামী ৫ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি থেকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বও পালন করবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ভূঁইয়ার চাকরির মেয়াদ ২ জানুয়ারি (বৃহস্পতিবার) শেষ হবে। মোশারফের স্থলাভিষিক্ত হবেন রহমাতুল মুনিম।

২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হন মুনিম। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে ছিলেন। পেট্রোলিয়াম করপোরেশনে থাকার সময় ২০১৭ সালের ১০ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। গত ১৬ সেপ্টেম্বর সরকার তাকে জ্যেষ্ঠ সচিব করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মুনিম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (ফিনান্স) ডিগ্রি নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন তিনি। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন তিনি।

১৯৬১ সালের ৬ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলায় জন্ম নেওয়া মুনিমের স্ত্রী লায়লা জেসমিনও সরকারের একজন অতিরিক্ত সচিব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading