মুজিববর্ষের উত্তম কাজ দুর্নীতি কমানো: দুদক চেয়ারম্যান

মুজিববর্ষের উত্তম কাজ দুর্নীতি কমানো: দুদক চেয়ারম্যান

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৩৫

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দুর্নীতিকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, নতুন বছরে দুর্নীতি কমিয়ে আনাই হবে মুজিববর্ষের ‘উত্তম কাজ’।

ইংরেজি নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

উপস্থিত সাংবাদিকদের ইংরেজি নববর্ষ ও মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, “আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রধান অন্তরায় দুর্নীতি। এই দুর্নীতির মাত্রা যতটা কমিয়ে আনা যায়, সেটাই হবে মুজিববর্ষে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ।”

তিনি বলেন, মানুষ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ মন থেকে বিশ্বাস করে। এমনকি শিশুরাও সংবাদপত্র থেকে শেখে। সংবাদপত্র ও টেলিভিশন মানুষের জীবনের ‘অবিচ্ছেদ্য অংশ’। ইকবাল মাহমুদ বলেন, “আমার মনে হয়, সংবাদপত্রের সবচেয়ে বড় দায়িত্ব দেশের প্রতি। কোনো সংবাদ যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে দিকটাও মাথায় রাখতে হবে। শুধু সংবাদপত্র নয়, আমাদের সকলের কর্মপ্রক্রিয়ায় সর্বপ্রথম থাকা উচিত দেশ, তারপর আপনি, আমি, আমরা সবাই।” কে বড় কে ছোটো- সেসব বিবেচনা না করে দুর্নীতি দমন কমিশন ‘নির্মোহভাবে’ কাজ করছে দাবি করে চেয়ারম্যান বলেন, “অনেকটা অন্ধের মত…। বিগত প্রায় চার বছরে কোনো সিদ্ধান্ত গ্রহণে আমরা পিছপা হইনি। আমি দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে পারি, এ সময়ে কারো দ্বারা প্রভাবিত হইনি। যা করছি নিজের বিবেক-বিবেচনা বোধ থেকেই করছি।”

অন্যদের মধ্যে কর্মশালায় বক্তব্য দেন- দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল এবং রিপোটার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত প্রমুখ ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading