অর্থমন্ত্রীর বাসায় চুরি, মামলা
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৮
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় চুরি হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গুলশান থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, চুরি বলতে গৃহকর্মী টাকা চুরি করে পালিয়েছে। অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গুলশান থানায় ওই মামলা দায়ের করেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
মামলার অভিযোগে বলা হয়, গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কে অর্থমন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম। এজাহারের তথ্য অনুযায়ী, সালমার বাড়ি দিনাজপুরে। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে তিনি অর্থমন্ত্রীর বাসায় কাজ করছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর ওই বাসায় চুরির ঘটনাটি ঘটলেও মামলাটি দায়ের করা হয় তার ১৮ দিন পর ৩১ ডিসেম্বর। গুলশান থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, সালমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

