র‌্যাগিংয়ের দায়ে জাবির তিন ছাত্রীসহ ১১ শিক্ষার্থী বহিষ্কার

র‌্যাগিংয়ের দায়ে জাবির তিন ছাত্রীসহ ১১ শিক্ষার্থী বহিষ্কার

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে তিনজন ছাত্রী।

বহিষ্কৃতরা হলেন- শহীদ সালাম-বরকত হলের হারুন-অর-রশিদ ও মুহাম্মদ মাহাবুবুল আলম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এনামুল হক তামিম, মওলানা ভাসানী হলের মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রেমা, জাকির হোসেন জীবন ও মো. মাহবুবুল আলম এবং বেগম খালেদা জিয়া হলের সারা বিনতে সালাহ, সায়মা লিমা ও ফাবিহা বিনতে হক।

গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সূত্র জানিয়েছে, র‌্যাগিংয়ের প্রকৃত ঘটনা কৌশলে এড়িয়ে যাওয়ায় প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ১৫ এপ্রিল রাতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাঘর মাঠে নিয়ে নানাভাবে হেনস্তার অভিযোগ ওঠে দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিক অভিযোগ রেকর্ড করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading