জয় দিয়ে লিভারপুলের নতুন বছর শুরু

জয় দিয়ে লিভারপুলের নতুন বছর শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১৫

মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে এগিয়ে চলা লিভারপুল নতুন বছরের শুরুটাও করল একই ছন্দে। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। মোহামেদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।

লিগে সবশেষ লিভারপুল হেরেছিল গত বছর ৩ জানুয়ারি, ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে। তিন দশকের খরা কাটিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্নে এগিয়ে চলা লিভারপুল ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। ভার্জিল ফন ডাইকের নিখুঁত ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে ডি-বক্সে বল বাড়ান অ্যান্ডি রবার্টসন। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন সালাহ। আসরে এটি তার দশম গোল। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সালাহর সঙ্গে বল দেয়া-নেয়া করে শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড। গোলরক্ষক ঠেকানোর পর আলগা বল অনায়াসে জালে ঠেলে দেন তিনি। আসরে এটি তার একাদশ গোল।

২০ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট লিভারপুলের। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৪। ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩১।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading