ধর্ষণের অভিযোগে এসআই কারাগারে

ধর্ষণের অভিযোগে এসআই কারাগারে

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০

বিয়ের আশ্বাস ও ভয় দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আল ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন শেরেবাংলা নগর থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামি বাপ্পিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন ধর্ষিতা তরুণী। পুলিশ ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসার পর অভিযুক্তের পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু বাদী অনড় থাকায় পুলিশ মামলাটি এজাহারভুক্ত করে।

বাদীর অভিযোগ, পাঁচ বছর ধরে বাপ্পির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সম্পর্কের সূত্রে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন বাপ্পি। সম্প্রতি এসআই বাপ্পি ওই তরুণীকে বিয়ে না করার জন্য টালবাহানা করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ধর্ষক বাপ্পি আগারগাঁও এলাকার একটি বাসায় ধর্ষিতাকে ডাকেন। সেখানে গেলে কিছু গোপন ভিডিও দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক আবারও ধর্ষণ করে। এর পর ধর্ষিতা ওইদিন রাতে এসআই বাপ্পির বিরুদ্ধে মামলা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading