ঢাকা সিটি নির্বাচনে বিএনপিও টিম লিডার ঘোষণা করলো

ঢাকা সিটি নির্বাচনে বিএনপিও টিম লিডার ঘোষণা করলো

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:৫৬

আওয়ামী লীগের একদিন পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনায় টিম লিডার ঘোষণা দিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদকে দুই টিমের দায়িত্ব দিয়েছে বিএনপি। এর মধ্যে খন্দকার মোশাররফ হোসেন ঢাকা দক্ষিণ আর মওদুদ আহমদ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে দেবেন।

শনিবার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

বিএনপির মহাসচিব বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুইটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সঙ্গে আরও থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় আহ্বায়ক করা হয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদকে। এই টিমে সমন্বয়ক থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিমা রহমান। এই দুইটি নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের। দুই কমিটির পুরো সদস্যের তালিকা পরে গণমাধ্যমকে জানানো হব— বলেন মির্জা ফখরুল।

বৈঠকে ইভিএম নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ইভিএম প্রত্যাখান করেছি। আমরা কখনোই এই মেশিনে ভোট মেনে নেব না। ইভিএমের ওপর জনমত তৈরির জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নেব। এ বিষয়ে রোববার (৫ জানুয়ারি) বিকেলে বিএনপি সংবাদ সম্মেলন করবে।’

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ঢাকায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading