আবারও শাকিবের সঙ্গে মিতু
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৪
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসেন জাহারা মিতু। এরপর টিভি উপস্থাপনায় দেখা যায় তাকে। গত বছরের মাঝামাঝি সময়ে শোনা যায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। ছবি নাম আগুন। সেই ছবির নির্মাণ শেষ হওয়ার আগেই আবারও জুটি বাঁধছেন শাকিবের সঙ্গে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। শোবিজাঙ্গনে উড়ে বেড়াচ্ছে এমন খবর। শিগগিরই এই ছবিতে চুক্তিবদ্ধ হবেন শাকিব খান। এই খবর সম্পর্কে নিশ্চিত হতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে একটি সূত্র যোগাযোগ করলে তিনি তাদেরকে জানান, ‘এখনই আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। শাকিব খানকে নিয়ে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। এ বিষয়ে তার সঙ্গে আলাপ হয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করেছেন গল্প ও চরিত্র পছন্দ হওয়াতে। তবে চূড়ান্ত কিছু এখনও হয়নি। মিতুর সঙ্গেও তাই। আলাপ হয়েছে মাত্র।’ তিনি আরও বলেন, ‘চিত্রনাট্য তৈরির কাজ চলছে। দুই একদিনের মধ্যে এটি হাতে আসবে। সেটি নিয়ে নায়ক-নায়িকার সঙ্গে বসবো। ব্যাটে বলে মিললে ছবির নামসহ আনুষ্ঠানিক ঘোষণা তখনই দিতে চাই।’
এই বিষয়ে জাহারা মিতু বলেন, ‘আমাকে প্রস্তাব দেয়া হয়েছে ছবিটির ব্যাপারে। এখনো চিত্রনাট্য হাতে পাইনি। সেরকম উল্লেখ করার মতো আলোচনাও কিছু হয়নি। তবে শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধার সুযোগ হলে সেটা অবশ্যই দারুণ কিছু হবে আমার জন্য। দেখা যাক কী হয়।’ জানা গেছে, ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল।

