৩ ঘণ্টা পর মুক্ত ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

৩ ঘণ্টা পর মুক্ত ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০

আটকের তিন ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইর। তেহরানের দাবি, সরকারবিরোধী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে শনিবার (১১ জানুয়ারি) তাকে আটক করা হয়েছিল। এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে ব্রিটেন। এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেন, কোনও কারণ ছাড়াই তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ডমিনিক রাব বলেন, তেহরান বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। তারা হয় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে হওয়ার পথে অগ্রসর হবে। অন্যথায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে উদ্যোগী হবে। উভয় দিকই তাদের জন্য খোলা রয়েছে।

গত বুধবার ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানের অধিকাংশ আরোহী ছিলেন ইরানি নাগরিক। ওই ঘটনায় শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয় একদল বিক্ষোভকারী। ওই বিক্ষোভকারীদের জটলার মধ্যে রাষ্ট্রদূত রবার্ট নাইজেল পল ম্যাকেয়ার ওরফে রব ম্যাকেয়ার-ও ছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে নিজ দপ্তরে যাওয়ার পথে একটি সেলুনে ঢোকেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে ইরানি পুলিশ। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading