রাফির সিনেমায় নিশো, গুঞ্জন তুঙ্গে
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ০১
এই সময়ে ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন আফরান নিশো। ব্যস্ত রয়েছেন একক নাটক ও টেলিফিল্ম নিয়ে। এরইমধ্যে গুঞ্জন উঠেছে, বড়পর্দায় নাম লেখাতে চলেছেন তিনি। নির্মাতা রায়হান রাফির একটি ছবিতে কাজ করবেন নিশো। আজ সকাল থেকে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়। এখবর শুনে খুশি নিশো ভক্তরা। তবে এ বিষয়ে নিশার সঙ্গে উত্তরদক্ষিণের প্রতিবেদক যোগাযোগ করলে নিশো স্পষ্ট করে কিছুই জানাননি। শুধু বলেছেন, ‘সময় হলে সব জানতে পারবেন।’ বিশেষ একটি সূত্রে জানা যায়, ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন নিশো। নিয়মিত যাচ্ছেন জিমেও। সবকিছু ঠিক থাকলে আসছে এপ্রিলে শুরু হবে শুটিং। নিশোর বিপরীতে থাকবেন নতুন কোন মুখ।
তবে এ ব্যাপারে মুখ খুলেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি একটি সূত্রকে বলেন, ‘আফরান নিশো চমৎকার একজন অভিনেতা। আমারও খুব প্রিয়। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অবশ্যই আছে। দুই একবার আলোচনাও হয়েছে তার সঙ্গে। তিনি সিনেমার ব্যাপারে আগ্রহী। কিন্তু চূড়ান্ত করে জানানোর মতো কোনো তথ্য আমি দিতে পারছি না।’ ছবিতে অভিনয় করার জন্য রায়হান রাফি ছাড়াও আরো বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে আফরান নিশোর। সময় হলেই আসবে সেসব ছবির ঘোষণা। ততক্ষণ অপেক্ষা করতে হবে নিশো ভক্তদের।

