ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১
ঘন কুয়াশার কারণে বালু ভর্তি ট্রাকের পিছনে বাসের ধাক্কায় বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের (৪০) বাড়ি শেরপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার জানান, বুধবার সকালে মহাসড়কে শেরপুর থেকে ছেড়ে আসা এক বাস বালু ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাস চালকের সহকারী আবুল হোসেনসহ ছয়যাত্রী গুরতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আবুল হোসেন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, পরে শেরপুর থেকে ছেড়ে আসা ওই বাসের পেছনে একের পর এক আরো একটি ট্রাক ও বাস ধাক্কা দেয়।

