ব্রিটেনের ছায়া উপমন্ত্রী হলেন টিউলিপ
বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এমপি ব্রিটেনের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় তিনি শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার নিযুক্ত হন। এর আগের পার্লামেন্টেও তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন। ব্রিটেনের সদ্যসমাপ্ত নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন ৩৭ বছর বয়সী টিউলিপ।
ব্রিটেনজুড়ে যে পাঁচ-ছয়টি আসনে জয়-পরাজয় নিয়ে ভোটার ও ব্রিটিশ গণমাধ্যমের উন্মুখ দৃষ্টি থাকে, তার মধ্যে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন একটি। নব্বইয়ের দশক থেকে এই আসনটি ব্রিটেনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে।
ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব আর্টসের ফেলো টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। ওই নির্বাচনে ২৩ হাজার ৯৭৭ ভোট পান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার একমাত্র মেয়ে টিউলিপ। এর পর ২০১৭ সালের নির্বাচনে তিনি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে টিউলিপ লন্ডনে জন্মগ্রহণ করে ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ক্যামডেন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক এবং শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।

