আতিকের জন্য ভোট চাইলেন তারকারা
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের জন্য ভোট চাইতে দ্বারে দ্বারে গেলেন তারকারা। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফার্মগেইট এলাকা ঘুরে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট চান অভিনেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক রিয়াজ ও নায়িকা বাঁধন। এদিন বেলা ১১টার দিকে ফার্মগেইটের হলিক্রস স্কুলের সামনে গিয়ে অভিভাবকদের উদ্দেশে তারানা হালিম বলেন, আমি আপনাদের স্কুলেরই ছাত্রী ছিলাম। কখনোই কিছু চাইতে আসি নাই। আজকে একটা ভোট চাইতে এসেছি।
ফার্মগেইটের আল-রাজি হাসপাতালের সামনে থেকে প্রচার শুরুর আগে আতিকের জন্য ভোট চেয়ে বক্তব্য দেন চিত্রনায়ক রিয়াজ । তিনি বলেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, ৩০ তারিখ আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। আমরা একটি প্রাণের ঢাকা, উন্নয়নের ঢাকা, গতিশীল ঢাকা করতে চাইলে আতিক ভাইয়ের কোনো বিকল্প নাই।
গণসংযোগ শুরুর সময় ওই হাসপাতালের সামনে আতিকুল ইসলাম বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তবে রাজধানীবাসীকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে পরিকল্পিত সুন্দর ঢাকা শহর গড়ে তুলবো। ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক আরও বলেন, প্রথমেই ঢাকা শহর যানজটমুক্ত করার উদ্যোগ নেব। আমাদের প্রয়াত মেয়র আনিস ভাইয়ের যে স্বপ্ন ছিল, বাস মালিকদের সঙ্গে বসে সেই বাস রুট রেশনালাইজেশনের কাজ করতে চাই।
সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনাও জানান আতিকুল ইসলাম।
ফার্মগেইট, ছাপড়া মসজিদ, লুকাস মোড়, তেজগাঁও রেলগেইট ,নাবিস্কো, কুনিপাড়া, বেগুনবাড়ি এলাকায় এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম।

