গ্রামীণফোনের সিইও পরিবর্তন
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পরিবর্তন এসেছে। এই পদে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। এর আগে একই মোবাইল অপারেটর কোম্পানিটির ডেপুটি সিইও এবং সিএমও’র দায়িত্ব পালন করেছেন তিনি।
গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে আগামী ১ ফেব্রয়ারি থেকে সিইও পদে নিয়োগ দিয়েছে বলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও, ২০১৭ সালের মে মাস থেকে ডেপুটি সিইও এবং সিএমও’র দায়িত্ব পালন করছেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজমান গ্রামীণফোনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। মাইকেল ফোলি আফ্রিকায় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইয়াসির আজমানের নতুন দায়িত্বে আসা নিয়ে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গ বলেন, ইয়াসির আজমান গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে, আজমান আমাদের বাংলাদেশি অপারেশনের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে গ্রামীণফোনের সিইও হচ্ছেন। এটি টেলিনর ও গ্রামীণফোনের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
মাইকেল ফোলি ২০১৭ সালের মে মাসে গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে টেলিনর পাকিস্তান ও বুলগেরিয়ার সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পেয়ে গ্রামীণফোনের সাড়ে ৭ কোটি গ্রাহককে আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন ইয়াসির আজমান। তিনি বলেন, গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ডিজিটাল বাংলাদেশ, সামাজিক ক্ষমতায়ন এবং আমাদের গ্রাহকদের জন্য যা গুরুত্বপূর্ণ তার সাথে যোগাযোগ করিয়ে দিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী।

