সেন্সর পেলো ‘গণ্ডি’, ফেব্রুয়ারিতে মুক্তি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫৪
অবসরে থাকা দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়- এমনই এক গল্পে নির্মাতা ফাখরুল আরেফীন খান নির্মাণ করেছেন তার ২য় ছবি ‘গণ্ডি’। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফাকে। সম্প্রতি সেন্সরের ছাড়পত্র পায় ছবিটি। আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে খুশি নির্মাতা। এতে করে ছবিটি মুক্তি দিতে আর কোন বাঁধা রইল না নির্মাতা ফাখরুল আরেফীন খানের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় সবাই আনন্দিত। সেন্সরবোর্ড সদস্যরা ছবিটি দেখার পর বেশ প্রশংসা করেছেন এবং আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি আমরা। ফলে এখন ছবিটির মুক্তি প্রক্রিয়ায় আর কোনো বাঁধা থাকলো না।’ তিনি আরও বলেন, ‘ছবির দৃশ্যধারণ যখন শুরু হয়েছে তখন থেকেই এটি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছে। দর্শকদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমাদের ইচ্ছা, আগামী ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি দেওয়ার।’ ছবিতে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

