বগুড়ার এমপি মান্নান আর নেই, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পিকারের শোক
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫০
লাইফ সাপোর্টে থাকা বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালে থাকা মান্নানের লাইফ সাপোর্ট শনিবার সকালে খুলে নেওয়া হয়।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মান্নানকে। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, “আজ সকাল ৮টা ১৫ মিনিটে আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”
মান্নানের বয়স হয়েছিল ৬৬ বছর। তার পৈতৃক বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়।
গত শতকের ৮০ দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী কিছুকাল আগে মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন তিনি।
২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মান্নান। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচিত হন তিনি।
প্রধানমন্ত্রীর শোক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নানের মৃত্যুর খবর পেয়েই শোক জানান তিনি। আব্দুল মান্নানকে জানানো শোক বার্তায় শেখ হাসিনা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, তার মত একজন রাজনীতিবিদের মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো। প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতির শোক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর। একইসঙ্গে আব্দুল মান্নান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
স্পিকারের শোক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক শোকবার্তায় স্পিকার বলেন, “আব্দুল মান্নানের মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। “৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করে যাওয়া আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।” পৃথক শোকবার্তায় আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

