বলিউডের ধনী প্রযোজক

বলিউডের ধনী প্রযোজক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩০

বিশ্বের বড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে হলিউডের পরেই বলিউডের অবস্থান। অন্য ইন্ডাস্ট্রিগুলোর মতো এখানেও ছবি নির্মাণে অর্থলগ্নি করেন প্রযোজকরা। কিন্তু তারা থাকেন পর্দার পেছনে। যেকোনো ছবি নির্মাণে তাদের ভূমিকা  খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের টাকাতেই তৈরি হয় ছবি। এদের মধ্যে অনেকে তো রীতিমতো কোটিপতি। বলিউডে কারা আছেন সেই ধনী প্রযোজকদের তালিকায়?

অনিল আম্বানী: ইন্ডিয়ান ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি। সব ব্যবসাতেই এই আম্বানীদের ছায়া রয়েছে। সেই তালিকা থেকে ফিল্মও বাদ যায় না। রিলায়্যান্স এন্টারটেনমেন্টের হয়ে কাজ সামলান অনিল আম্বানী। তার সম্পত্তির পরিমাণও বিপুল। কিন্তু ইদানীং ব্যবসায় বড় সমস্যা হওয়ায় তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন।

আদিত্য চোপড়া: ২০১২ সালে বিখ্যাত পরিচালক ও প্রযোজক যশ চোপড়ার মৃত্যুর পর যশ রাজ ফিল্মসের মালিকানা রয়েছে ছেলে আদিত্য চোপড়ার হাতে। বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। এই প্রতিষ্ঠানের বর্তমান মালিক তথা অভিনেত্রী রানি মুখার্জির স্বামী আদিত্যের সম্পত্তির পরিমাণ প্রায় ছয় হাজার ২৫২ কোটি টাকা।

শাহরুখ এবং গৌরী খান: রেড চিলিস এন্টারটেইনমেন্টের মালিক বলিউডের তুমুল জনপ্রিয় তারকা জুটি। এই সংস্থা থেকে শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান প্রচুর ছবি প্রযোজনা করেছেন। তাদের সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি টাকারও বেশি।

অর্জুন লুল্লা: এই নামটা অনেকের কাছে অপরিচিত মনে হবে। কারণ তিনি তামিল, তেলেগু ছবি বেশি প্রযোজনা করেন। এরস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা অর্জুন লুল্লা। ভারত ছাড়াও ৫১টি দেশে তার প্রযোজনা সংস্থার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিন হাজার ১৯৭ কোটি টাকা।

রনি স্ক্রুওয়ালা: আরএসভিপি, ইউটিভি মোশন পিকচারস, ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন ইত্যাদি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত তিনি। ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’, ‘বরফি’, ফিল্মগুলোর প্রযোজক তিনি। তার সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার ৪২১ কোটি টাকা।

করণ জোহার: প্রযোজক এবং পরিচালক হিসাবে করণ জোহার কতটা জনপ্রিয়, তা সকলেরই জানা। তার প্রযোজনা সংস্থার নাম ধর্মা প্রোডাকশন। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক তিনি। ‘দোস্তানা’, ‘কাল হো না হো’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি অলবিদা না কেহেনা’, ‘অগ্নিপথ’সহ আরও অসংখ্য ফিল্মের প্রযোজনা করেছেন তিনি। তার সম্পত্তির পরিমাণ এক হাজার ৪২১ কোটি টাকা।

আমির খান: ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই নায়কের সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তিনি নিজের নামাঙ্কিত প্রোডাকশন হাউসের মালিক। ‘তেরে জমিন পর’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘পিপলি লাইভ’, ‘জানে তু ইয়া জানে না’র মতো নানা হিট ফিল্মের প্রযোজনা করেছে তাদের সংস্থা। তার সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার ২৭৯ কোটি টাকা। সূত্র: আনন্দবজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading