‘শিরোনামহীন’এর কোন গান গাইতে পারবে না তুহিনের ‘আভাস’
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫২
শিরোনামহীন ব্যান্ডদলের কোন গান গাইতে পারবে না আভাস ব্যান্ড। গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শিরোনামহীনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আভাস ব্যান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।
জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ১৯৯৬ সালে যাত্রা শুরু করলেও তাতে ভোকাল হিসেবে তানযীর তুহিন যোগ দেন ২০০০ সালে। তবে পরবর্তীতে তুহিন আভাস ব্যান্ডে যোগ দেয় এবং শিরোনামহীনে তার গাওয়া গানগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনা করতে থাকে। তবে শিরোনামহীনে ব্যান্ডের গান আভাস ব্যান্ডে গাওয়া নিয়ে দুই ব্যান্ড দলের মধ্যে আপত্তি দেখা দেয়। এরপর শিরোনামহীনের গান গাইতে তুহিনকে নিষেধাজ্ঞা দেয় কপিরাইট বোর্ড। কপিরাইট বোর্ডের পর দেওয়ানি আদালতও তুহিনকে শিরোনামহীনের গান গাইতে নিষেধাজ্ঞা দেয়। ঢাকা জেলা জজ আদালতের রায়ে শিরোনামহীনের গান না গাইতে তুহিনের প্রতি বিচারিক আদেশ দেওয়া হয়। এরপর মামলাটি হাইকোর্টে এলে শুনানি নিয়ে বিচারিক আদালতের আদেশ বহাল রেখে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

