বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকী, চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৪
বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত বছরের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। দেখতে দেখতে চলে গেল একটি বছর। আগামীকাল (২২ জানুয়ারি) তার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বিশেষ আয়োজন হাতে নিয়েছে চ্যানেল আই। প্রথম মৃত্যুবার্ষিকীতে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। আগামীকাল সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। যেখানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান গাইবেন ক্ষুদে গানরাজ ও চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত তরিক মৃধা এবং সুমনা। দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব দেখানো হবে। যেখানে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করবেন নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।
আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি।

