২০০ কোটিতে অজয়ের ‘তানাজি’
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৬
গত ১০ জানুয়ারি ইন্ডিয়ার প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অজয়-কাজল অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। মুক্তির দশ দিনেই ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২০০ কোটি রুপি। এরমধ্যে শুধু ইন্ডিয়ার বক্স অফিসে ছবিটি আয় করে ১৬৫ কোটি রুপি! এর আগে মুক্তির প্রথম দিনে ছবিটির আয় নিয়ে সিনেমা বিশ্লেষকরা পূর্বানুমাণ করলেও সেটির থেকেও ছবিটি বেশি আয় করে চমক দেখায়। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, মারাঠা আবেগ জড়িয়ে থাকার কারনেই এমন তরতর করে এগোচ্ছে ‘তানাজি’। সঙ্গে রয়েছে কাজল-অজয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি। পরিসংখ্যান অনুযায়ী, কেবল মহারাষ্ট্র নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং বাংলাতেও ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ যথেষ্ট ভাল।
তানাজি মালুসরে ছিলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজির ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী। তার সাহসিকতার কথা আজও মারাঠিদের মুখে মুখে ঘোরে। এই তানাজি মালুসরের বীরগাথাই দেখানো হয়েছে এই ছবিতে। আর তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তার স্ত্রী সাবিত্রীর চরিত্রে রয়েছেন কাজল। এছাড়াও ছবির মূল খলনায়ক উদয়ভানের চরিত্রে রয়েছেন ছোটে নবাব সইফ আলি খান।

