বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইনজামাম

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইনজামাম

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩৮

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪-২৭ জানুয়ারি ৩ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় ধাপে এপ্রিলে ফের পাকিস্তান সফরে গিয়ে করাচিতে বাকি টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলতে যাবে টাইগাররা। নিজেদের মাটিতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে মরিয়া পাকিস্তানের জন্য এটা অনেক বড় সুসংবাদ। আর এজন্য বাংলাদেশের প্রতি পাকিস্তানের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ম্যাচ উইনার’-এ প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা দিয়েছেন ইনজামাম। তিনি বলেন, ‘পাকিস্তানে আসার জন্য বাংলাদেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যদিও আমি মনে করি তারা যদি ধাপে ধাপে না এসে একবারেই পুরো সিরিজটা খেলত, তাহলে সেটা আরও ভালো হতো। তবে এটা নিশ্চিত যে, পাকিস্তানের ক্রিকেটপাগল মানুষের সামনে ক্রিকেট খেলাটা তারা উপভোগ করবে।’ এদিকে ওই ভিডিওতে বাংলাদেশ সিরিজের পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া দুই পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে নিয়েও কথা বলেছেন ইনজামাম। সাবেক এই প্রধান নির্বাচকের মতে, এই দুই অভিজ্ঞ বোলারকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত। কারণ সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে এই দুজনের অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে পারত পাকিস্তান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading