বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৪২

ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার (২২ জানুয়ারি) ভোরে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া ও বন চৌকি গ্রামের শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া। বিজিবি সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে চার-পাঁচজনের একটি গরু ব্যবসায়ীর দল ইন্ডিয়ার সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন আহত অবস্থায় বাড়িতে এসে নিহত হন। বিজিবি জানিয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হবে। সম্প্রতি সীমান্তে বাংলাদেশি হত্যা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। গত ১২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের নীতি হচ্ছে- সীমান্তে যাতে একজনও মারা না যায়। এ ব্যাপারে ইন্ডিয়ার সরকারও অঙ্গীকার করেছিল। কিন্তু হত্যাকাণ্ড ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন।’ মন্ত্রী বলেন, ‘অঙ্গীকারের পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটা দুর্ভাগ্যজনক। আমাদের উদ্বেগের বিষয়টি আমরা ইন্ডিয়ার জানাব। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আমাদের কাছে ইন্ডিয়া যে অঙ্গীকার করেছিল, সেটা পূরণ করতে বলব।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading