বিজিএমইএ ভবন ভাঙা শুরু

বিজিএমইএ ভবন ভাঙা শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৪০

রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বিজিএমইএ ভবন হাতিরঝিল এর অবৈধভাবে গড়ে উঠেছিল। এই ভবনের ফলে হাতিরঝিলসহ ঢাকা শহরের সৌন্দর্য যেমন নষ্ট হয়েছে, তেমনি পানির অবাধ প্রবাহ বিঘ্নিত হয়েছে।

“আমরা আদালতের নির্দেশেই ভবন ভাঙার কাজে হাত দিয়েছি। আগামী ছয় মাসের মধ্যে এই ভবন সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এবং রাজউকের একটি দল পৃথকভাবে এবার কাজের তদারকি করবে।”

এক প্রশ্নে তিনি বলেন, “হাতিরঝিলের মূল নকশার বাইরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্থাপনা এখানে থাকতে দেওয়া হবে না। যারা গোপনে পয়ঃনিষ্কাশনের নোংরা পানি লেকে প্রবাহিত করে পানি নষ্ট করছেন তারা নিজ থেকে সতর্ক হবেন। ইতোমধ্যেই পানির দুর্গন্ধ দূর করার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।

ভবন ভাঙা দায়িত্ব পেয়েছে ফোর স্টার গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের পরিচালক শরীফ জানান, আগামী সোমবার থেকে ভবন ভাঙার মূল কাজ শুরু হবে।

বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘ক্যান্সার’ আখ্যায়িত করে হাই কোর্ট ২০১১ সালে এক রায়ে ইমারতটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।

সর্বোচ্চ আদালত বিজিএমইএ ভবন ভাঙার রায় দেওয়ার পর কয়েক দফায় সময় নিয়েছিল তৈরি পোশাক রপ্তানিকারকরা। সবশেষ আদালতের দেওয়া সাত মাস সময়সীমা গত ১২ এপ্রিল শেষ হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading