চার্টার্ড ফ্লাইটে রাতে পাকিস্তান যাচ্ছেন মাহমুদউল্লাহরা
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৪
সব জল্পনা-কল্পনা শেষে আজ (২২ জানুয়ারি) রাত ৮টায় পাকিস্তানের উদ্দেশে চার্টার্ড ফ্লাইটে রওনা দেবে ১৫ সদস্যের বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ দলকে বহন করা বিমানটি লাহোরে গিয়ে পৌঁছাবে। লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একদিন অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে একবেলা অনুশীলন করে শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। এদিকে বাংলাদেশ দল সেখানে গেলেও কোচিং স্টাফদের অনেকেই পাকিস্তান যাচ্ছেন না। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো গেলেও নিরাপত্তা শঙ্কায় নিজেদের সরিয়ে নিয়েছেন পাঁচজন কোচিং ও সাপোর্ট স্টাফ। স্পিন বোলিং কোচ হিসেবে গত ভারত সফর থেকে কাজ করা কিউই ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন তিনি যাবেন না পাকিস্তান। যাচ্ছেন না দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও। শ্রীলঙ্কান ট্রেইনার মারিও ভিল্লিভারায়েনকেও এই সফরে পাচ্ছে না বাংলাদেশ। তিনি অবশ্য আঙুলের চোটে আক্রান্ত। এর বাইরে ভারতীয় কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনও যাচ্ছেন না।
আগামী ২৪ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সূচি ঠিক হলেও ম্যাচগুলো ঠিক কখন থেকে শুরু হবে তা প্রথম দিকে নিশ্চিত ছিল না। মঙ্গলবার সেটাও নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে সব ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোতে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচগুলো মাঠে গড়াবে।

