খেলার মাঠ কেটে উপাধ্যক্ষের ফুলবাগান!
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১০
খেলার মাঠ কেটে ফুলের বাগান করছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহীদ উদ্দিন। এ নিয়ে ক্ষুব্ধ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপাধ্যক্ষের লোকজনকে কলেজমাঠের পশ্চিম-দক্ষিণ অংশে বাগান তৈরি করতে দেখে গেছে। বাবার নামে গড়া ট্রাস্টের উদ্যোগে এ বাগান করছেন উপাধ্যক্ষ। বাগান করার জন্য কলেজমাঠের পশ্চিম-দক্ষিণ অংশে ১৫০ ফুট দীর্ঘ ও সাড়ে ৩ ফুট প্রশস্ত স্থান বেছে নেয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকে সেখানে মাটি কাটা হচ্ছে। মাঠে বাগান করলে খেলাধুলা করতে সমস্যা হবে বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, তারা প্রতিদিনই এ মাঠে খেলাধুলা করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা কিশোর-যুবকরা খেলেন। বাগানটি হলে খেলায় বিঘ্ন ঘটবে। পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেছেন, খেলার মাঠ অত্যন্ত জরুরি। খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে। মাঠে বাগান হলে খেলায় বিঘ্ন ঘটবে। কলেজে এর আগেও বাগান করা হয়েছে। তবে সেজন্য তখন মাঠ কাটতে হয়নি। আশা করি, বাগানটি অন্য স্থানে করা হবে। কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে কথা বলব। কয়েকজন শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও উদ্বেগ প্রকাশ করেন। ওই শিক্ষকদের দাবি, আউটডোর স্টেডিয়ামের মতো মাঠের চারপাশেই ছেলেরা খেলাধুলা করে। বাগানটি হলে এতে সমস্যা হবে।এ বিষয়ে কথা বলতে উপাধ্যক্ষ শহিদ উদ্দীনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল করিম বলেছেন, ‘কোনো শিক্ষককে খেলার মাঠে ফুলের বাগান করার অনুমতি দেয়া হয়নি। মিটিংয়ে ব্যস্ত থাকায় মাটি কাটার বিষয়টি আমি জানতে পারিনি।’ খেলার মাঠে কাউকে ফুলের বাগান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ।

