ঢাকা সিটিতে কোনো অনিয়ম চান না সিইসি
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:১০
রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচনে সবার নজর থাকার বিষয়টি তুলে ধরে অনিয়ম কিংবা বিচ্যুতির বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এই পর্যন্ত ভোটের পরিবেশে সন্তোষ জানিয়েই সিইসি বলেছেন, ভবিষ্যতে কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের ৯ দিন আগে বুধবার (২২ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করে ইসি। সিইসির সভাপতিত্বে এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচনের কাজে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএম নূরুল হুদা বলেন, আন্তর্জাতিক মহল থেকে দেশের জনগণ ভোটের দিকে তাকিয়ে রয়েছেন। অবারিত তথ্য প্রযুক্তির যুগে সব সংবাদ ছড়িয়ে পড়ে সবখানে। ইসির কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে দেখছেন। আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভোটে সবাই মহা উৎসবের আমেজে রয়েছে। এর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে আইন শৃঙ্খলা রক্ষায় ভোটের দুই দিন আগে থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নিয়েছে ইসি। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধ লক্ষ সদস্য মোতায়েনের পরিকল্পনা হয়েছে। ভোটের মাঠে যে কোনো অভিযোগ ‘সঠিকভাবে’ মিটিয়ে ফেলতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন সিইসি।
রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাই না, কোনো ধরনের অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি নির্বাচন কমিশন পর্যন্ত গড়াক। আশা করব মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা রয়েছে, তাদের অধীনে যারা রয়েছে, তাদের কোনো অনিয়ম, গাফিলাতি আপনাদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করবেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম বৈঠকে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বৈঠকে ছিলেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই,এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপার। সেইসঙ্গে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।

