সিরিজ জয়ে আশাবাদী মাহমুদউল্লাহ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:০৪
তিনটি টি-টোয়েন্টি খেলতে গতকাল (২২ জানুয়ারি) রাতে লাহোরে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। কড়া নিরাপত্তায় বাংলাদেশ দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। আগামীকাল (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। তার আগে আজ (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দেশেরই অধিনায়ক।
এবারের সিরিজে দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। তবে যারা দলে আছেন, তারা প্রায় সবাই সম্প্রতি শেষ হওয়া বিপিএলে ভালো করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশ এই সিরিজে ফেবারিট কি না? মাহমুদউল্লাহ অবশ্য এ নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি, ‘আমি এটা বলতে পারব না, আমরা ফেবারিট কি না। আমরা অনেক দিন পর পাকিস্তানে এসেছি। পাকিস্তানের মাটিতে পাকিস্তান খুব ভালো দল। ওরা খুব শক্তিশালী এই ফরম্যাটে। আপনি যদি র্যাঙ্কিংয়ের হিসাবটা দেখেন, এটা কিন্তু ভিন্ন কথা বলে।’ -টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে শীর্ষে, বাংলাদেশের অবস্থান নয়ে। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মাহমুদউল্লাহ, ‘আমি খুব আশাবাদী আমার দল নিয়ে। যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। আমি খুব আশাবাদী যেন আমরা সিরিজটা জিততে পারি।’

