মিয়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে

মিয়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:০২

সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের নৌ-বাহিনীর হাতে দুই ফিশিং ট্রলারসহ উদ্ধার ৩২ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম নামক জাহাজের কমান্ডারের হাতে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন নোয়াখালীর ও ১৪ জন চট্টগ্রামের অধিবাসী। জেলেদের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ানমারে আকিয়াবের কমর্রত বাংলাদেশের কনস্যুলেটর মোহাম্মদ বারিকুল ইসলাম। তিনি বলেন, ‘চলতি মাসে ২১ ও ২৫ জানুয়ারিতে মাছ ধরার ট্রলার বিকল হয়ে বঙ্গোপসাগরে মিয়ানমার জলসীমায় চিতাপরীক্ষা নামক এলাকায় ঢুকে পড়লে মিয়ানমার নৌ-বাহিনী তাদের উদ্ধার করে। জেলেদের উদ্ধারের খবর পেয়ে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরতের ব্যবস্থা করা হয়।’ তিনি আরও বলেন, ‘এতে বাকলিয়া-১ ট্রলারের ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের ১৩ জনসহ মোট ৩২ বাংলাদেশি জেলেকে কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করা হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম নামক জাহাজের এক কর্মকর্তা বলেন, মিয়ানমার নৌ-বাহিনীর হাতে উদ্ধার দুটি ট্রলারসহ বাংলাদেশি ৩২ জেলেকে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ২১ ও ২৫ জানুয়ারি বাকলিয়া-১ ট্রলারের মাঝি মো. বেলালসহ ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের মাঝি মো. রাজুসহ ১৩ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। এ সময় ট্রলার বিকল হয়ে ভাসমান অবস্থান মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়ায় তাদের আটক করেছিল। এর আগে গেল বছরের ৬ ডিসেম্বর ১৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ফেরত আনা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading