শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪২
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ মারা গেছেন। সোমবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের বাসায় তার মৃত্যু হয় বলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, শ্বাসকষ্ট হওয়ায় সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রাম পরীক্ষা শেষে তিনি বাসায় চলে যান। পরে রাত দেড়টার দিকে বাসায়ই তিনি মারা যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা শুক্কুর মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শুক্কুর মাহমুদ বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

