গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। আটকরা হলেন দিনাজপুর ঘোড়াঘাট থানার কানাগাড়ী গ্রামের আব্দুল হালিমের ছেলে হামিদুল (২১) ও একই জেলার নবাবগঞ্জ থানার পূর্ব ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাবিরুল ইসলাম। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, ট্রাকে একটি ফেনসিডিলের চালান যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা গেটে পুলিশের একটি দল অবস্থান নেয়। পরে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী সরকার এন্টারপ্রাইজের একটি ট্রাক গোবিন্দগঞ্জ থানা গেটে পৌঁছলে আটকের পর সেটাতে তল্লালি চালানো হয়। এসময় আপেল বহনকারী ট্রাকে বিশেষ কায়দায় প্যাকেট করে রাখা চারটি কার্টুনে থাকা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । সেই সঙ্গে দুই মাদক কারবারীকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার এসআই নাজমুল হক ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মুল্য সাড়ে তিন লাখ টাকা । এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

