আবারও ভিক্ষা করছেন অনুদান পাওয়া সেই মেকআপ আর্টিস্ট
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১২
২০১৮ সালে ‘বেদের মেয়ে জোসনা’য় তারকাদের মেকআপের দায়িত্বে থাকা কাজী হারুনের ভিক্ষা করার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসলে, ২০১৯ সালের সেপ্টেম্বরে অনুদান হিসেবে কাজী হারুনের হাতে পাঁচলাখ টাকার চেক তুলেন দেন প্রধানমন্ত্রী। কিন্তু অনুদানের ৪ মাস যেতে না যেতেই কাজী হারুন আবারও ভিক্ষাবৃত্তি শুরু করেন। কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচলাখ টাকা অনুদান দিয়ে চিকিৎসা আর সংসারের খরচ চালিয়েছেন এতদিন। তাই বাধ্য হয়ে পুনরায় তাকে পথে নামতে হয়েছে। এছাড়া সুপার শপ ‘স্বপ্ন’ এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা সমমানের গৃহস্থালী পণ্য দিয়ে তাকে সহযোগিতা করেছে। সেটিও অনেক আগে বন্ধ হয়ে গেছে বলে জানান হারুন।
বর্তমানে স্ত্রী মহুয়া আকতারকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর ফরিদাবাদ বস্তিতে থাকেন হারুন। আর ভিক্ষা করে জীবনযাপনের খরচ চালান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন হারুন। ‘বেদের মেয়ে জোসনা’ ছবির রূপসজ্জাকর হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হন তিনি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয় থেকে হৃদয়’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই মেকআপ আর্টিস্ট। এছাড়াও তিনি কাজ করেছেন ‘অন্য জীবন’, ‘শঙ্খমালা’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘জীবন সংসার’সহ শতাধিক ছবিতে।

