বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: প্রধান বিচারপতি
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৩২
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেলের দেশ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমাকে এ ধরনের সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকবার আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব বিচারপতিকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয়, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল কান্ট্রি। সুতরাং, আমি বলবো, এ অনুষ্ঠান সামনের বছর আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে।’
প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, তারা পূজা উদযাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করছি।’ প্রতিবছর এই অনুষ্ঠানে তিনি দীর্ঘ সময় বসে থেকে উপভোগ করেন বলেও জানান।
অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ সিনিয়র আইনজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।

