প্রধানমন্ত্রী, সিইসি ও মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ১০
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবারের (৩১ জানুয়ারি) রাত পার হলেই শুরু হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। একটানা ২০ দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) দুই সিটিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। অনেকের মনেই প্রশ্ন সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মেয়রপ্রার্থীরা কে কখন কোন কেন্দ্রে ভোট দিবেন?
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দিনের শুরুতে অর্থাৎ সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তার পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। এছাড়া উত্তরার পাঁচ নম্বর সেক্টরের আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরা-৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল সকাল ৮টায় গুলশান-২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধানন্ডির ডক্টর মালিকা কলেজ কেন্দ্রে ভোট দেবেন। শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সমন্বয়কারী তারেক শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় তার ভোট দেবেন।
সূত্রমতে, ভোট প্রদান শেষে সিইসি ও মেয়র প্রার্থীরা গণমাধ্যমের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন।

