ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় যুবক গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৫
ময়মনসিংহের ভালুকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাসুদ রানা (২৪) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। র্যাব জানতে পারে ঘাটাইল থেকে এক যুবক প্রশ্নপত্র বিক্রি করতে ভালুকায় এসেছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ভালুকা উপজেলার রাজার এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্রসহ মাসুদকে গ্রেপ্তার করা হয়। মাসুদ প্রশ্নপত্র বিক্রি করতে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আসছে। মাসুদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিজ্ঞাপন, ভুয়া প্রশ্নপত্রের প্রিন্ট করা কপি, মোবাইল ফোন, সিম ও মেমোরি উদ্ধার করা হয়। পরে তাকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়। ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, মামলা দায়েরের পর মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

