রিফাত হত্যা মামলার আসামিদের সেলফি!
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪০
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে থাকা আসামিদের কয়েকজন একটি সেলফি তুলেছেন এবং সেই ছবি মোবাইলে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, আসামিদের আদালতের কাঠগড়ায় তোলার আগে আদালত হাজতে অবস্থানকালে তারা ছবিটি তোলেন। আসামিদের পরিবারের একটি সূত্র জানায়, ছবিটি সম্প্রতি তোলা। তবে নির্দিষ্ট তারিখের কথা জানাতে পারেননি তিনি। মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আসামিদের আদালতে হাজিরার আগে আদালতের হাজতে অপেক্ষমাণ রাখা হয়। ছবিতে দেখা যাচ্ছে, আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত বাম হাতে সেলফি নিচ্ছেন; এরপর রাফিউল ইসলাম রাব্বি, মাঝখানে প্রধান আসামি রিফাত ফরাজী এবং তার ডানে হাসান ও টিকটক হৃদয়। ছবিতে লোহার শিকের দরজার সঙ্গে লাগোয়া এক ব্যক্তি বাইরে অপরজনের সঙ্গে কথা বলছেন। জেল সুপার আনোয়ার হোসেনকে ছবিটি দেখানোর পর তিনি জানান, এটি বরগুনা কারাগারে তোলা নয়; আদালতের হাজতে অবস্থানকালে তোলা হতে পারে। তিনি জানান, কারাগারে ঢোকানোর সময় এবং বাইরে বের করার সময় প্রত্যেক আসামিকে একাধিকবার তল্লাশি করা হয়। কারাগারের বিধি লংঘন করবে এমন কার্যকলাপের সুযোগ আসামিদের নেই। বরগুনা আদালত পুলিশের পরিদর্শক মো. বাবুল বলেন, আদালতের হাজতে এ রকম সুযোগ নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন- ছবিটি কখন, কীভাবে আসামিরা তুলেছেন; নাকি বাইরের কেউ গোপনে তুলেছেন। এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ। প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে একটি চার্জশিট এবং ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আরেকটি চার্জটি দেয়া হয়। ছবি যাদের দেখা যাচ্ছে, তারা সকলে প্রাপ্তবয়স্ক আসামি। প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে শুধু আয়শা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন্।

