কুমার বিশ্বজিতের কণ্ঠে বঙ্গবন্ধু
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০
এবার প্রথমবারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘হে বঙ্গবন্ধু’ শিরোনামের গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন কিশোর দাস এবং সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইমরান। সম্প্রতি ‘হে বঙ্গবন্ধু’ গানটি গান ছবি এন্টারটেনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, আমাদের সবার প্রিয়, জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশের জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি ভাষা দিয়েছেন। তার কাছে ঋণের বোঝা এত বেশি যে, আমাদের আসলে সেই ঋণ শোধ করার কোনোই ক্ষমতা নেই।
গানটি প্রসঙ্গে তিনি আরও বলেন, এ গানের মাধ্যমে বাংলাদেশের জন্য তার ত্যাগ, অবদানকে স্মরণ করে কিছুটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছি মাত্র। গাজী ভাইয়ের লেখা এই গানের কথা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিশোর তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটি সুর করেছে।

