মুজিব বর্ষে বাংলাদেশ-ইন্ডিয়ার সম্পর্ক আরো দৃঢ় হবে
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৫৮
বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ১৭ মার্চ থেকে মুজিব বর্ষ উদযাপিত হবে। ভারত অংশগ্রহণ কারার জন্য তৈরি রয়েছে। মুজিব বর্ষ উদযাপনের মধ্য দিয়ে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় ও গভীর হবে। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, ‘এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’ জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুম্পমাল্য অর্পণ করে ভারতীয় হাইকমিশনার গাঙ্গুলি দাশের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধী সৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। এছাড়া, তিনি বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি পরিদর্শন করেন।

