তালায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ২০
সাতক্ষীরার তালায় পুলিশ অভিযান চালিয়ে ৬৬৫টি ইয়াবা ও নগদ পাঁচ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের রুবেল হোসেন (২৮) ও তালার তেঁতুলিয়া গ্রামের হুমায়ুন কবীর (৩৫)। পুলিশ জানায়, তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে মঙ্গলবার রাতে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে এমন গোপন সংবাদে সেখানে তালা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। সেখান থেকে ৬৬৫টি ইয়াবা ও নগদ পাঁচ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে তালা থানায় মামলা দিয়ে বুধবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

