চারা উত্তোলনের হিড়িক পড়েছে বোরো চাষিদের

চারা উত্তোলনের হিড়িক পড়েছে বোরো চাষিদের

উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫

দিনাজপুরের হিলিতে কনকনে শীতের সকালে বোরো ধানের চারা উত্তোলনের হিড়িক লেগেছে কৃষকদের। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে প্রথম ধাপে লাগানো বোরো বীজ নষ্ট হয়ে যায়। এখন দ্বিতীয় ধাপের লাগানো বীজ তুলছেন চাষিরা। হাকিমপুর (হিলি) উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে দেখা যায়, খাল, বিল, নদী-নালাসহ উঁচু ও সমতল ভূমিতে কৃষকেরা বোরো ধানের বীজ বপন করেছেন। প্রথম বীজ বপন চারা নষ্ট হলেও তারা থেমে থাকেনি। পরে বীজতলায় বীজ বপন করেছেন। সেই বীজতলা থেকে আগাম চারা তোলা শুরু করেছেন তারা। উপজেলার জালালপুর গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, ‘আমি এবার ৭ বিঘা বোরো ধানের জন্য বীজ ফেলেছিলাম। প্রচন্ড শীতের কারণে বীজগুলো নষ্ট হয়ে যায়। পরে আবার বীজতলায় বীজ বপন করি। ধানের চারা অনেক ভালো হয়েছে। আশা করছি, ভালো ফসল ঘরে তুলতে পারব।’ উপজেলার বোয়ালদাড় গ্রামের মজিদ মোল্লা বলেন, ‘অনেক কষ্ট ও যত্নসহকারে বীজতলায় বোরো ধানের বীজ বোপন করেছি। ভালো ফসল পাবার আশায় চারা রোপণের জন্য জমি তৈরি করে সাতসকালে বৌ-বাচ্চাদের নিয়ে বীজতলায় এসে চারা তুলছি।’ হাকিমপুর উপজেলার কৃষি অফিসার শামিমা নাজনীন জানান, বৈরি আবহাওয়ার কারণে কৃষকদের অনেক বীজ নষ্ট হয়ে গেছে। আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছি। সার, বীজসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবছর চলতি মৌসুমে হিলি হাকিমপুর উপজেলায় প্রায় ৭ হাজার ৩’শ ২৫ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading