হিলিতে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫
দিনাজপুর হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম নামের এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত সর্দার কহিদুল হাকিমপুর (হিলি) উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করেছে। এ সময় ডাকাতের হামলায় এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক আহত হন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে গতকাল বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাকিমপুর সার্কেলের এএসপি আখিউল ইসলাম ও তার নেতৃত্বে পুলিশ কাশিয়াডাঙ্গায় ডাকাতদের ধরার চেষ্টা করে। টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি করে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হন। পুলিশ পাল্টা ডাকাতের উপর গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

