নরসিংদী পাসপোর্ট কার্যালয়ে চার দালালের কারাদণ্ড
উত্তরদক্ষিণ অনলাইন ।১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ২০
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম প্রতিরোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে চার দালালকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়। নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটকরা হলেন- নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার নজরুল ইসলাম, একই এলাকার রিয়াজুল, রাঙ্গামাটি এলাকার আমীর বাদশা ও ভাগদী এলাকার মাঈনুদ্দিন। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট আবেদন সত্যায়িত করার সিল ও কালিসহ অন্যান্য স্বরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক চারজন দালালকে একমাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এছাড়া পাসেপার্ট অফিসের কর্মচারী পুনম চন্দ্র দাস কর্তৃক দালালদের সহায়তা করার দায়ে তাকে কারণ দর্শানোর জন্য পাসপোর্ট কর্মকর্তাকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

