চেলসিতে দিয়াস
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৩৫
মরক্কোর ফরোয়ার্ড হাকিম দিয়াসকে দলে টানতে তার বর্তমান ক্লাব আয়াক্সের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে চেলসি। এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার দুই ক্লাবের মধ্যে চুক্তির বিষয়টি নিশ্চিত করে ডাচ ক্লাব আয়াক্স। এজন্য প্রাথমকিভাবে চার কোটি ইউরো গুনতে হবে চেলসিকে। শর্ত সাপেক্ষে এর সঙ্গে আরও চল্লিশ লাখ ইউরো যোগ হতে পারে।
মৌসুম শেষে আগামী ১ জুলাই স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দিবেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। সম্প্রতি শেষ হওয়া জানুয়ারির দলবদলে দিয়াসকে দলে ভেড়াতে চেয়েছিল চেলসি। কিন্তু মৌসুমের মাঝপথে তাকে ছাড়তে চায়নি ডাচ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে আয়াক্সের লিগ ও ডাচ কাপ জয়ে ভুমিকা রাখা দিয়াস চলতি মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৮টি করিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে খেলোয়াড় কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা পাওয়ার পর প্রথম কোনো খেলোয়াড়কে দলে টানল চেলসি।

