কুড়িগ্রামে আচার-চানাচুর খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

কুড়িগ্রামে আচার-চানাচুর খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ০৬

আচার ও চানাচুর খেয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আচারবিক্রেতা ইমান আলীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আচার খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ১২ শিক্ষার্থীকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর দুপুরে আচারবিক্রেতাকে আটক করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর অ্যাসেম্বলি শেষ করে ক্লাসে গেলে প্রথমে অষ্টম শ্রেণীর ছাত্রী মিম অসুস্থ হয়। এর পরপরই ৭ম শ্রেণীর শিমু, সায়মা, মিম, অষ্টম শ্রেণীর লুবনা, মাসুম বিল্লাহ, ববিতা, বিলকিছ, জোবায়ের, ৫ম শ্রেণীর হানিফ, ৪র্থ শ্রেণীর ফাহাদ, ৬ষ্ঠ শ্রেণীর রুবাইয়া, দ্বিতীয় শ্রেণীর আঁখিসহ ১৫ জন অসুস্থ হয়।

চন্ডিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফা রানি জানান, পাইলট প্রকল্পের অধীন উপজেলার এই বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। ক্লাস চলাকালীন হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়। তাকে অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে হাসপাতালে পাঠানো হয়। এরপর একইভাবে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, স্কুলের কাছে খোলা দোকানে আচার ও ঝালমুড়ি খাওয়ায় এমনটি হতে পারে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা শঙ্কামুক্ত। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, আচারবিক্রেতা ইমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায় ১৫/২০জন শিক্ষার্থী আচার খেয়ে অসুস্থ হয়ে পড়ার খবর শুনেছি। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। তবে এখন অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত বলেও তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading