পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নানেউয়ে গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল জিনেদিন জিদানের দল। প্রথমার্ধে ফিওদর স্মলভের গোলে এগিয়ে যায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল সেল্তা। দ্বিতীয়ার্ধে টনি ক্রুস ও সের্হিও রামোসের গোলে লিড নেয় রিয়াল। নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে স্কোরলাইনে সমতা আনেন সান্তি মিনা। অগাস্টে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ মৌসুম শুরু করেছিল রিয়াল।  সবশেষ ওসাসুনাকে ৪-১ গোলে হারানো একাদশে এদিন তিনটি পরিবর্তন আনেন জিদান। ফেরলঁদ মঁদি, লুকা মদ্রিচ ও ইসকোর পরিবর্তে নামান মার্সেলো, ক্রুস ও এদেন আজারকে। চোট কাটিয়ে তিন মাস পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন আজার। অধিকাংশ সময় বলের দখল রাখলেও প্রথমার্ধে আক্রমণে সুবিধা করতে পারেনি রিয়াল। এসময় লক্ষ্যে তারা কোনে শটই নিতে পারেনি। বিপরীতে প্রথম সুযোগেই এগিয়ে যায় সেল্তা ভিগো। ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন ইয়াগো আসপাস। অফসাইটের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের নিচু শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন স্মলভ। বিরতির ঠিক আগে জোসেপ আইডুর হেড ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া।

 দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। মার্সেলোর কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান ক্রুস। ৬৫তম মিনিটে রামোসের সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলজিয়ান ফরোয়ার্ড আজারকে সেল্তা গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৫তম মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোলও ছিল অনেকটা প্রথমটির মত। এবার মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন দেনিস সুয়ারেস। অফসাইডের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিচু শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিনা। ২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading