নৌকাডুবিতে নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ০৭
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনার নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিনের মাথায় রাঙ্গুনিয়া সড়ফভাটার মরা খাল সংলগ্ন কর্নফুলী নদী থেকে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদার।
গত শুক্রবার দুটি ইঞ্জিনচালিত নৌকায় ৫০ জনেরও বেশি তীর্থযাত্রী কাপ্তাইয়ের শিলছড়ির মন্দিরঘাটে যাচ্ছিল। ঘাটে ভেড়ার পর একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ থাকেন। তাদের মধ্যে মা-ছেলে ছিল। পরে সেদিন বিকালেই দেবলীলা (১০) নামে একজনের লাশ উদ্ধার করা হলেও মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
পাঁচ দিনের মাথায় ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, শুক্রবার নৌকাডুবির ঘটনায় প্রথম দিন একজনকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ ছিল। ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর পাঁচ দিনের মাথায় আজ রাঙ্গুনিয়া সড়ফভাটা এলাকা থেকে মা ও ছেলে লাশ উদ্ধার করা হয়।

