বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা একযোগে পড়বে সারাদেশের শিশুরা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা আগামী ১৭ মার্চ সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে পড়বে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালা আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে। জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা সম্পর্কে একটা লেখা দেবেন। লেখাটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেব। লেখাটি আমরা সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ১৭ মার্চ একযোগে পাঠ করাব।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করেই জাতির পিতার কন্যা শেখ হাসিনা ওই লেখাটি লিখবেন বলেও জানান সচিব আকরাম। বর্তমানে সোয়া দুই কোটি শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।
২০২০-২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানমালা যুগপৎভাবে চলতে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

