মেঘবাড়িতে তারার মেলা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৫
রাজধানীর অদূরে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে বসেছে তারার মেলা। আজ (২৯ ফেব্রুয়ারি ) চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে একত্রিত হয়েছেন প্রায় ৬০০ তারকারা। সকাল থেকেই নবীণ-প্রবীণ তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেঘবাড়ি। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মাতছেন সবাই।
বনভোজন উপলক্ষে সকাল ৮টায় বিএফডিসি থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করে চলচ্চিত্র অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। অতিথিদের মধ্যে রয়েছে- চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন। আর মেঘবাড়িতে আগে থেকেই অবস্থান করছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। আমন্ত্রিত অতিথিদেরকে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
বনভোজনে অংশ নেওয়া তারকাদের মধ্যে আছেন চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, ববিতা, চম্পা, অঞ্জনা সুলতানা, ডিপজল, রুবেল, নাঈম, শাবনাজ, আলেকজান্ডার বো, আমিন খান, বাপ্পারাজ, অপু বিশ্বাস, নাসরিন, সম্রাট, মাহিয়া মাহি, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, আঁচল, জলি, বিপাশা, নীড়, দিপালী, অমৃতাসহ অনেকে।
আজ সন্ধ্যায় মেঘবাড়িতে অনুষ্ঠিত হবে তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমবারের মতো মঞ্চে নাচবেন মিশা সওদাগর। এছাড়া নাচ করবেন অভিনেত্রী অঞ্জনা, রেসি, আঁচল, রোমানা নীড়, বিপাশা কবির, মৌমিতা মৌ, তানহা মৌমাছি, নিরব, ইমন, সাইমন, বাপ্পী, জয় চৌধুরী, নাদিম, শিপন ও জায়েদ খানসহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও রবি চৌধুরী।

