সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনায় টলি তারকাদের ঢল
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৪০
গত বছরের শেষের দিকে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন কলকাতার জনপ্রিয় নির্মাতা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তখন ঘরোয়াভাবে সবকিছু হলেও গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা (রিসেপশন)। এদিন কলকাতার রাজকুটিরে বসেছিল চাঁদের হাট। রিসেপশনে মিথিলা পরেছিল লাল রঙের শাড়ি। আর তার সঙ্গে মানানসই করে সৃজিত পরেছেন আচকান আর ধুতি। জামায় ঘন সুতোর কাজ। সৃজিত-মিথিলার পোশাকের দায়িত্বভার পড়েছিল ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ওপর।
এর আগে বিয়েতে লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আর মিথিলার পরনে ছিল লাল রঙের জামদানি শাড়ি। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গয়না।
আনন্দবাজার থেকে জানা যায়, সৃজিত-মিথিলার রিসেপশনের অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, গার্গী রায় চৌধুরী, অর্জুন চক্রবর্তী থেকে মাধবী মুখোপাধ্যায়কে ছিল না সেই অনুষ্ঠানে। মিথিলা বাংলাদেশের মেয়ে। তার বাবার বাড়ির তরফ থেকেও হাজির ছিলেন লোকজন। অতিথিদের তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এদিন রাহুল-সন্দীপ্তাকে একসঙ্গে পার্টিতে আসতে দেখা যায়। অন্যদিকে, প্রিয়াঙ্কা পার্টিতে আসেন তথাগতের সঙ্গে। উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও।
এ ছাড়া রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, সঙ্গীতশিল্পী জয় সরকার ও সোমলতা আচার্য। আরও ছিলেন তৃণমূলের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
রিসেপশনের পার্টি বলে কথা, তাই মেন্যুতেও ছিল এলাহি ছাপ। কী কী ছিল সেই মেন্যুতে?
পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির কষা মাংসসহ আরও অনেক কিছু। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচাগোল্লা।
উল্লেখ্য, মিথিলা-সৃজিতের আলাপ বেশ কয়েক বছরের। তারপর বন্ধুত্ব দিয়ে শুরু। ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেম। বেশ কিছু মাস ধরেই তাদের বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। পরে গত ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। বিয়ের পরদিনই এ দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুদূর সুইজারল্যান্ড।

